গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে উপজেলা ও জেলা সদর হাসপাতালে। গতকাল বৃহস্পতিবার উপজেলার কুশলা ইউনিয়নের আমবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, আমবাড়ি গ্রামের নুর ইসলাম শেখের ছেলে ফারুক শেখ (৪০) পাশের বাড়ির এক গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর কলেজপড়ুয়া ছেলের সঙ্গে ফারুখ শেখের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে এলাকাবাসী দুভাগে ভাগ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
