স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের পথিকৃৎ। বিশ্বে বাংলাদেশ আজ নারীর ক্ষমতায়নের রোল মডেল। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের কর্মকাণ্ডে তরুণ সমাজ এগিয়ে এলেও সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা হবে। গতকাল বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ পীরগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, ‘ভাষা আন্দোলনসহ স্বাধীনতা সংগ্রাম ও সব গণতান্ত্রিক আন্দোলনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। দেশের উন্নয়নেও নারীদের অংশগ্রহণ দৃশ্যমান। অর্থনীতির মূল স্রোতে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধি করতে সবাইকে এগিয়ে আসতে হবে।’
পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুর রহমান রাঙ্গার সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান সাফিয়া খানম, পীরগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি জোহরা বেগম, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনিসহ অনেকে উপস্থিত ছিলেন।
