ভারতে ‘সাম্প্রদায়িক সন্ত্রাস’ ও সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর চেরাগি পাহাড় মোড়ে সংগঠনের চট্টগ্রাম জেলা সংসদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়। ওই কর্মসূচি থেকে ভারতে সহিংসতার প্রতিক্রিয়ায় মুজিব জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত ‘গুজরাট দাঙ্গার প্রধান হোতা’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রতিহতের ঘোষণা দেওয়া হয়।
সংগঠনের সভাপতি এ্যানি সেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ডবলমুরিং থানা কমিটির সভাপতি শাহরিয়ার রাফি, হালিশহর থানার আহ্বায়ক নিশান রায়, কোতোয়ালি থানার সাংগঠনিক সম্পাদক খালিদ মিরাজ, সাইফুর রহমান প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক ইমরান চৌধুরী।
সভায় বক্তারা বলেন, ভারতের দিল্লিতে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অসাম্প্রদায়িক চেতনার ভারতবর্ষে যুগে যুগে ধর্মের নামে কতিপয় সাম্প্রদায়িক অপশক্তি তৎপরতা চালিয়ে এসেছে। তারই ধারাবাহিকতায় ভারতের ‘উগ্র হিন্দুত্ববাদী’ দল বিজেপির নেতৃত্বে সংখ্যালঘুদের ওপর নির্মম হামলা চলছে। এতে বাড়ছে নিহতের সংখ্যা, আহত হয়েছে শতাধিক নিরপরাধ মানুষ। কিন্তু সরকার সব দেখেও না দেখার ভান করে আছে।
