মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ফরিদুল আলম (৩৫) নামের এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে এ স্থলমাইনের বিস্ফোরণ ঘটে।
আহত ফরিদুলকে স্থানীয় লোকজন উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ে একটি বিদেশি দাতব্য সংস্থার হাসপাতালে ভর্তি করিয়েছেন।
আহত ফরিদুল কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহবিল তুলাতলী গ্রামের গোরা চান মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ইকবাল বাহার জানান, ফরিদুল প্রতিবেশী অন্যদের সঙ্গে সীমান্তের পাহাড়ি জঙ্গলে ফুলের ঝাড়ু সংগ্রহ করতে যান। ঝাড়ু সংগ্রহ করে ফেরার পথে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে।
এতে সঙ্গে থাকা অন্যরা অক্ষত থাকলেও ফরিদুল আলম মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন বলে উদ্ধারকারী লোকজনের বরাত দিয়ে তিনি জানান।
জানা গেছে, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের ৩৯ ও ৪০নং সীমানা পিলারের মাঝামাঝি নো-ম্যান্স ল্যান্ডে এ স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।
