রাজধানীতে বহুতল ভবনে আগুনে পুড়ে পক্ষাঘাতগ্রস্ত নারীর মৃত্যু

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৯ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে একটি বহুতল ভবনে আগুন লেগে মাবিয়া বেগম (৫৫) নামের পক্ষাঘাতগ্রস্ত এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে মোহাম্মদপুরের বাঁশবাড়ি মন্দির রোডের ১৪তলা ওই ভবনের ষষ্ঠ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সকাল ৯টা ১৩ মিনিটের দিকে ভবনের ষষ্ঠ তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে পক্ষাঘাতগ্রস্ত এক নারীর দেহাবশেষ উদ্ধার করে।

এই কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বজলুর রশিদ বলেন, ‘বৃদ্ধার বিছানার সঙ্গে দুটো চিকিৎসা সরঞ্জাম ছিল, যেগুলো বিদ্যুতে চলে। সেই মেশিন থেকে শর্টসার্কিট হয়ে বিছানায় আগুন লাগে। তাতেই তিনি দগ্ধ হয়ে মারা যান।’

এর আগে বৃহস্পতিবার ভোরে রাজধানীর মগবাজার এলাকায় পাঁচতলা ভবনের নিচতলার গ্যারেজে আগুন লেগে তিনজন নিহত হন। দগ্ধ হন আর পাঁচজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত