মাদারীপুরের রাজৈরে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শুধাংশু কুমার হীরা (৫০) নামে এক শিক্ষককে জুতার মালা পড়িয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। অভিযুক্ত শুধাংশু কুমার হীরা স্কুলটির শরীরচর্চা শিক্ষক।
ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী জানায়, ঘটনার দিন দুই ছাত্রী প্রাইভেট পড়তে ওই শিক্ষকের কাছে যায়। পড়া শেষে একজনকে ছুটি দিয়ে অপরজনকে কৌশলে আটকে রেখে শ্লীলতাহানি করা হয়।
বিষয়টি ওই ছাত্রী বাড়িতে গিয়ে তার মাকে জানায়। তার মা বিষয়টি অভিভাবকদের জানান। পরে অভিভাবকেরা স্কুলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে ধরে উত্তম মাধ্যম দিয়ে জুতার মালা পড়িয়ে পুলিশে সোপর্দ করে। এলাকাবাসী ঘটনা জানতে পেরে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। তার বিরুদ্ধে এ জাতীয় আরও অভিযোগ থাকায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে।
এ ব্যাপারে অভিযুক্তের ছেলে আকাশ হীরা জানান, প্রাইভেট পড়ানো নিয়ে দ্বন্দ্বের কারণে একটি মহল আমার বাবাকে নিয়ে এই সব অপপ্রচার চালাচ্ছে।
মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কনা জানান, আটক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ওসি খোন্দকার শওকত জাহান জানান, প্রাথমিকভাবে এক শিক্ষককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ছাড়াও বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
