গুণগত মানের কারণে বিশ্ববাজারে বাংলাদেশের ওষুধের চাহিদা বাড়ছে দাবি করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশের ৯৮ শতাংশ চাহিদা পূরণ করে বিদেশে ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ। গতকাল শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সালমান এফ রহমান বলেন, গুণগত মানের কারণে বিশ্ববাজারে বাংলাদেশি ওষুধের চাহিদা বাড়ছে। আমরা চলতি বছরের মধ্যে ওষুধ রপ্তানি আয় বিলিয়ন ডলার ছাড়িয়ে যাব। তিনি বলেন, ওষুধশিল্পে নতুন প্রযুক্তির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এক্সপোতে অনেক প্রতিষ্ঠান আসে নতুন প্রযুক্তি নিয়ে, এতে অভ্যন্তরীণ প্রতিষ্ঠান নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছে। ২০০৩ সালে প্রথম ফার্মা এক্সপো শুরু হয়েছিল। এ সময়ে অনেক এগিয়েছে এই শিল্প। এ ধরনের এক্সপো নিয়মিত হলে শিল্প এগিয়ে যাবে।
