মেশিনে থেরাপি নিতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল রোগীর

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২৪ এএম

রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ী এলাকায় একটি সাততলা ভবনের চারতলায় লাগা আগুনে পুড়ে মাবিয়া বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে মোহাম্মদপুর ব্লক ডি বাড়ি-১৩/জি-এর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন দেশ রূপান্তরকে জানান,  মাবিয়া বেগম পক্ষাঘাত (প্যারালাইজড) রোগী ছিলেন। তিনি বাসায় ইলেকট্রনিক মেশিন দিয়ে থেরাপি দেওয়ার সময় শর্টসার্কিট থেকে বিছানায় আগুন ধরে যায়। ওই আগুন দেখে বাসার সবাই ঘর থেকে বেরিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যাওয়ার আগে আগুন নিভে যায়। পরে সেখান থেকে মৃত অবস্থায় দগ্ধ নারী মাবিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করার পর পুলিশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে বুঝিয়ে দেয়।

মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ দেশ রূপান্তরকে বলেন, আগুনে পুড়ে মারা যাওয়া ওই নারীর বয়স প্রায় ৬০ বছর। তিনি চলাফেরা করতে পারতেন না। ইলেকট্রনিক যন্ত্রের সহায়তায় চিকিৎসা নেওয়ার সময় আগুন লেগে তিনি মারা যান। এ কারণে তার পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করে। তাদের আবেদনের কারণে ময়নাতদন্ত করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত