১৮ বছরের যুদ্ধ অবসানে তালেবান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২০ পিএম

দেড় যুগের বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় তালেবানদের সঙ্গে আনুষ্ঠানিক চূক্তি করল মার্কিন যুক্তরাষ্ট্র। শান্তি চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ন্যাটো তাদের সব সৈন্য আগামী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেবে।

কাতারের দোহায় শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও তালেবান নেতাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্র, আফগান সরকার ও তালেবানদের সঙ্গে ত্রিপক্ষীয় আলাপ-আলোচনা শেষে চলতি মাসেই এই চুক্তির দিন-তারিখ ঠিক করা হয়েছিল।

এই চুক্তি সফল হলে ১৮ বছরের যুদ্ধ ও সহিংসতা শেষে শান্তির পথ খুলবে আফগানিস্তানে। আর এখন থেকে আফগানিস্তানে আর কোনো হামলা চালাবে না তালেবান। তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে জঙ্গি গোষ্ঠী আল-কায়েদাকে কোনো তৎপরতা চালাতে না দেওয়ারও অঙ্গীকার করেছে তারা। এখন আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় দেশটির সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে তালেবান।

আল-কায়েদা ২০০১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা চালানোর কয়েক সপ্তাহের মধ্যেই আফগানিস্তানে অভিযান চালায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী। সেই থেকে দেশটিতে শুরু যুদ্ধ-বিগ্রহ। এতে হতাহত হয়েছে বহু লোক।

বিবিসি জানিয়েছে, এ যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্রের ২,৪০০ সেনা প্রাণ হারিয়েছে। আফগানিস্তানে এখনও তাদের ১২ হাজার সৈন্য মোতায়েন আছে। এই সহিংসতা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত