এসএসসি পরীক্ষার্থীর হাত-পায়ের রগ কেটে দিল সহপাঠীরা

আপডেট : ০১ মার্চ ২০২০, ০৮:৫৯ পিএম

পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে তারেক সরদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর বাম হাত-পায়ের রগ কেটে দিয়েছে তার সহপাঠীরা।

রবিবার দুপুরে জেলার কালকিনি উপজেলার খাশেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। তারেক বড়চর লক্ষ্মীপুর গ্রামের জাকির সরদারের ছেলে।

আহত পরীক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন  করা হয়েছে।  

পুলিশ ও আহত শিক্ষার্থীর পরিবার জানায়, সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি ব্যবহারিক পরীক্ষা শেষে তারেক শ্রেণিকক্ষ থেকে বের হয়। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে অপর পরীক্ষার্থী ইরান ও ফুয়াদের নেতৃত্বে কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে তারেক সরদারের বাম পা ও হাতের রগ কেটে দেয়।

পরে স্থানীয় লোকজন তারেককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।

ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহত পরীক্ষার্থীর বাবা জাকির সরদার বলেন, প্রভাবশালী বাবুল আকনের নির্দেশে তার ভাতিজা ইরান ও ফুয়াদ মিলে বিনা কারণে আমার ছেলের হাত-পায়ের রগ কেটে দিয়েছে। আমি তাদের বিচার চাই।

অভিযুক্ত বাবুল আকন বলেন, পরীক্ষা কেন্দ্রে ছাত্ররা-ছাত্ররা মারামারি করেছে। আমার নির্দেশে করা হয়েছে এ কথা মিথ্যা ও অপপ্রচার মাত্র।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল বিধান মো. সানাউল্লা জানান, তারেকের হাতে ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রগ কেটে ফেলা হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায়, তাকে ঢামেক রেফার করা হয়েছে।

খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা (আইসি) মো. আল আমিন বলেন, স্কুল কর্তৃপক্ষ আমাদের কোন প্রকার অবহিত না করে এসএসসি পরীক্ষা নিয়েছেন। আমাদের জানালে হয়তো এ ঘটনা নাও ঘটতে পারত।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাসিরউদ্দিন মৃধা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি শান্ত আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি আসলে অনাকাঙ্ক্ষিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত