প্রায় পাঁচ মাস পর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে ভারত। ন্যূনতম রপ্তানি মূল্যের যে শর্ত ছিল, সেটিও প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ ভারতীয় ব্যবসায়ীরা এখন যেকোনো মূল্যে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন।
সোমবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য শাখা এক আদেশে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানায়।
এদিকে, দেশী পেঁয়াজ বাজারে ওঠার আগে ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, পেঁয়াজ আমদানিতে সরকার শুল্ক আরোপ না করে, তাহলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন।
রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশে বলা হয়, আগামী ১৫ মার্চ থেকে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার কার্যকর হচ্ছে।
ভারত যে এই সিদ্ধান্ত নেবে, তা দেশটির গণমাধ্যমের খবরে আগেই জানানো হয়েছিল। খবরটি জানাজানি হওয়ার পর থেকে বিকল্প দেশ থেকে আমদানি হওয়ার পাশাপাশি দেশীয় পেঁয়াজের দামও কমে যায়।
নিজেদের বাজার সামাল দিতে ভারত গত ২৯ সেপ্টেম্বর হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে। এরপরই বাংলাদেশের বাজারে লাফিয়ে লাফিয়ে দাম বাড়তে থাকে। একসময় দেশি পেঁয়াজের কেজি ২৫০ টাকায় ওঠে, যা স্মরণকালের মধ্যে সর্বোচ্চ।
