প্রকল্প বাস্তবায়নে গতানুগতিকতা পরিহার করতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, ‘প্রকল্পের কোথাও সমস্যার সৃষ্টি হলে বিকল্প সমাধান ভাবতে হবে। সৃজনশীলতার মাধ্যমে সমাধান বের করতে হবে। গতানুগতিকতা পরিহার করলে উন্নয়ন বেরিয়ে আসবে। মনে রাখতে হবে, সঠিক পরিকল্পনা ছাড়া কাজ এগিয়ে নেওয়া যায় না।’ গতকাল সোমবার বিকেলে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তর আয়োজিত বাস্তবায়নাধীন ‘সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ’ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে, দারিদ্র্য দূর করে মানুষকে স্বাবলম্বী করতে হলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে এ ধরনের প্রকল্প নিতে হবে। দারিদ্র্য পীড়িত মানুষকে সচ্ছলতা এনে দিতে পারলে, সেটি হবে দেশের অন্যতম কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-মিশন হচ্ছে, এ দেশের মানুষকে স্বাবলম্বী এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।’
কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘শুধু চাকরি করাই আপনাদের কর্তব্য নয়। দারিদ্র্য দূরীকরণে দরিদ্র ও পীড়িত মানুষদের সেবা নিশ্চিত করতে হবে। আমরা জটিল অবস্থাকে ধারণ করতে চাই না। মনে রাখবেন, কোনো কিছুই অসম্ভব নয়। প্রয়োজন আন্তরিকতা ও সদিচ্ছা।’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তৌফিকুল আরিফ, যুগ্ম প্রধান মো. লিয়াকত আলী, প্রকল্প পরিচালক হাসান আহম্মেদ চৌধুরী এবং উপ-প্রকল্প পরিচালকরা সভায় উপস্থিত ছিলেন।
