স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ০৩ মার্চ ২০২০, ০৩:০০ পিএম

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের  রাষ্ট্রদূত নাওকি ইতো সৌজন্য সাক্ষাৎ করেন।

মঙ্গলবার স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎকালে তারা বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক, নারীর ক্ষমতায়ন, জাপান বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ এবং মুজিব বর্ষ নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর হতে জাপান বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করে আসছে।

দীর্ঘ পথপরিক্রমায় এ সম্পর্ক আজ অত্যন্ত সুদৃঢ়। ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্পিকার নারী ক্ষমতায়নে জাপানের প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, বাংলাদেশের জনগণের অর্ধেক হচ্ছে নারী এবং তাদেরকে অর্থনীতির মূলস্রোতে সম্পৃক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এ সময় স্পিকার মুজিব বর্ষ উপলক্ষে জাপানের স্পিকার ও মন্ত্রী পর্যায়ের নেতাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

নাওকি ইতো স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, এএফপিপিডি গ্রুপ স্বাস্থ্য খাতে উন্নয়নে কাজ করে যাচ্ছে। জাপান বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের অভিজ্ঞতা বিনিময়ের জন্য পারস্পরিক সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত