সীমিত ওভারের ক্রিকেটে বড় রান পাচ্ছিলেন না তামিম ইকবাল। ধেয়ে আসছিল সমালোচনা। ঠিক একদিন আগেই তাই ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিকে কথা বলতে হয়েছে তামিম ইকবালের ঢাল হয়ে।
সংবাদমাধ্যমকে ম্যাকেঞ্জি বলেছিলেন, ‘পাওয়ার প্লেতে তামিম ইকবাল একটা-দুইটা বাউন্ডারি বেশি পেলেই আপনারা তার পিছু ছাড়বেন।’
সেই তামিম মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে খেললেন ১৩৬ বলে ১৫৮ রানের রেকর্ড গড়া ইনিংস। ২০টি চারের সঙ্গে হাঁকালেন ৩টি ছক্কা। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে যা কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস।
এমন ইনিংস খেলার পর তামিম প্রথম মনে করলেন টিম ম্যানেজমেন্ট ও সতীর্থদেরই। ইনিংস বিরতিতে খেলার সম্প্রচারকারী টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, ‘আমি বড় স্কোর পাচ্ছিলাম না। পুরো কৃতিত্ব টিম ম্যানেজমেন্টকে দিতে হবে। যেভাবে তারা আমার ওপর নজর দিয়েছে, বিশ্বাস রেখেছে। একই সঙ্গে কৃতিত্ব দিতে হবে সতীর্থদেরও।’
শুরু থেকেই এদিন বল খুব ভালো দেখছিলেন বলে জানান তামিম, ‘সবচেয়ে ভালো দিক হলো আমি বল খুব ভালো মারছিলাম। যেটা আগের ম্যাচগুলোতে হচ্ছিল না। প্রথম থেকে ভাগ্য আমার সহায় ছিল এবং আমি এটা চালিয়ে নিতে পেরেছি। আমি শুধু সোজা ব্যাটে খেলতে চেয়েছি এবং সেটাই করতে পেরেছি।’
গেম প্ল্যান নিয়ে তামিম বলেন, ‘আমাদের গেম প্ল্যানই ছিল প্রথম পাঁচজনের কেউ ৪০ ওভার পর্যন্ত ব্যাট করবে। এটা হয়তো আমার দিন ছিল। মুশিও (মুশফিক) দারুণ ব্যাটিং করেছে। এখন আমাদের বোলারদের পালা...।’
তামিমের ইনিংসে ভর করে জিম্বাবুয়েকে এদিন ৩২৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৩২২ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ জয় পেয়েছিল ১৬৯ রানের বিশাল ব্যবধানে।
এদিন জয় পেলেই এক ম্যাচ হাতে থাকতে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।
