প্যানেলে নিয়োগ চায় প্রাথমিকে চাকরিপ্রত্যাশীরা

আপডেট : ০৪ মার্চ ২০২০, ০১:২২ এএম

সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক-২০১৮ নিয়োগ প্যানেলের মাধ্যমে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রত্যাশীরা।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল বাস্তবায়ন কমিটির ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ২০১৮ সালে প্রাইমারি শিক্ষক নিয়োগে এবারই প্রথম সারা দেশ থেকে ২৪ লাখ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং ১৮ হাজার ১৪৭ জন চ‚ড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে প্রায় ৩৭ হাজার ১৪৮ জন নিয়োগবঞ্চিত হন।

প্যানেল বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল কাদের বলেন, রিট জটিলতার কারণে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রাইমারি শিক্ষক নিয়োগে কোনো সার্কুলার হয়নি। এর মধ্যে অনেকের সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে। ফলে বিদ্যালয়ে শূন্য আসনের ভিত্তিতে এ ৩৭ হাজার ১৪৮ জনকে নিয়োগে সুপারিশ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত