কিশোর, তরুণী ও চা শ্রমিককে হত্যা

আপডেট : ০৪ মার্চ ২০২০, ০১:৫৫ এএম

সুনামগঞ্জের তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় কিশোর, পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলে তরুণী এবং হবিগঞ্জের চুনারুঘাটে চা শ্রমিক খুন হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

সুনামগঞ্জ : তাহিরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শহীদ নূর (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। হামলায় গুরুতর আহত হয়েছেন ওই কিশোরের বাবা নাছিরউদ্দিন (৫৫)। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাঘটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গ্রামের নাছিরউদ্দিন ও তার ভাতিজা গোলাম কাদিরের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। গতকাল বেলা ১১টার দিকে শহীদ নূর ও তার বাবা নাছিরউদ্দিন মোটরসাইকেলে করে বাজারে যাওয়ার পথে গোলাম কাদিরের বাড়ির সামনে গেলে প্রতিপক্ষ ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শহীদ নূরকে মৃত ঘোষণা করেন। নাছিরউদ্দিনকে পাঠানো হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পটুয়াখালী : পর্যটন নগরী কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ঈশিতা বেগম (১৮) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে হোটেলে কক্ষের তালা ভেঙে তারা এ লাশ উদ্ধার করে। হোটেলের রেজিস্টার অনুযায়ী ঈশিতা যশোরের কেশবপুর থানার রাজ্জাকের স্ত্রী।

হোটেলের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শনিবার ঈশিতা তার স্বামী রাজ্জাকের সঙ্গে কুয়াকাটা ঘুরতে এসে হোটেল হলিডে ইনের ১০৮ নম্বর কক্ষ ভাড়া নেয়। গত সোমবার বিকেলে রাজ্জাক হোটেল কর্মচারীদের কিছু না বলে কক্ষে তালা মেরে একা হোটেল থেকে চলে যায়। পরে হোটেলের কর্মচারীদের সন্দেহ হলে তারা দীর্ঘ সময় দরজায় কড়া নেড়ে কোনো সাড়া না পেয়ে পুলিশকে অবহিত করে। পুলিশ গিয়ে কক্ষের তালা ভেঙে ঈশিতার লাশ উদ্ধার করে।

হবিগঞ্জ : বিষু মুণ্ডা (৫২) নামে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান এলাকার একটি জলাশয়ের কাছে মরদেহটি পাওয়া যায়।

চুনারুঘাট থানা সূত্র জানায়, নিহত বিষু মুণ্ডা ওই বাগানেরই বাসিন্দা। তার মাথায় জখম ও গলায় মাফলার পেঁচানো ছিল। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানান থানার এসআই চম্পক ধাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত