এক হালির বেদনা মোহামেডানকে ফিরিয়ে দিল আবাহনী

আপডেট : ০৪ মার্চ ২০২০, ০৯:০৮ পিএম

মৌসুমের প্রথম ডার্বি ম্যাচটা হলো একেবারেই একপেশে। ঐতিহ্যের লড়াইয়ে আবাহনী লিমিটেড উড়িয়ে দিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে।

বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানকে ৪-০ গোলে হারায় আবাহনী। আকাশি-নীলদের এই জয়ে গত মৌসুমের হারের প্রতিশোধও হলো। গেল বছর ১৬ জুলাই প্রিমিয়ার লিগের ফিরতি ম্যাচে মোহামেডানের কাছে ঠিক ৪-০ গোলেই হেরেছিল আবাহনী।

সেই বছরটা এএফসি কাপে দারুণ কাটালেও মোহামেডানের কাছে হারটা কাটা হয়েই ছিল। এই জয়ে ভক্তদের হৃদয়ের সেই ক্ষতে নিশ্চিতভাবেই কিছুটা প্রলেপ পড়বে।

আবাহনী-মোহামেডান লড়াইয়ে দর্শকদের আগের উন্মাদনার রেশ মাত্রও নেই এখন। এরপরও এই ম্যাচ দুই ক্লাবের কর্মকর্তা-খেলোয়াড়দের কাছে শুধুই অন্য দশটা ম্যাচ থাকে না। এদিনের লড়াইয়ে মোহামেডান অবশ্য একেবারেই ছন্নছাড়া হয়ে থাকল।

ম্যাচের মাত্র ১৬ মিনিটে কেরভেন্স ফিলস বেলফোর্ট এগিয়ে দেন আবাহনীকে। ৩৩ মিনিটে ব্যবধান ২-০ করেন এডগার বের্নহার্ট। ৪৩ মিনিটে বেলফোর্ট নিজের দ্বিতীয় গোল আদায় করেন। তাতে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।

দ্বিতীয়ার্ধে নাবীব নেওয়াজ জীবন গোলের দেখা পান। ৬৩ মিনিটে করা তার গোলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।

এদিনের জয়ে আবাহনী পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠে এসেছে। ৪ ম্যাচে ৩ জয়, ১ ড্রয়ে ১০ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে সাইফ স্পোর্টিং ও বসুন্ধরা কিংস যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।

চার ম্যাচে মোহামেডানের এটি দ্বিতীয় হার। বাকি দুটিতে জয় পাওয়ায় ৬ পয়েন্ট নিয়ে টেবিলে আপাতত ষষ্ঠ স্থানে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত