নারায়ণগঞ্জের লক্ষণখোলার ডংজিং লংজাভিটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ক্যাসিনোসামগ্রী জব্দের পাঁচ মাস পর মঙ্গলবার রাতে বন্দর থানায় মামলা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান দুই চীনা নাগরিককে আসামি করে অর্থ পাচার আইনে মামলাটি করেন। আসামিরা হলেন ঢাকা ক্যান্টনমেন্ট থানার ৩৭ নম্বর হাউজের বাসিন্দা ডংজিং লংজাভিটি ব্যাটারি কারখানার চেয়ারম্যান মি. উইডংলি ও একই এলাকার মি. লুপিন।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে ঢাকা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা লক্ষণখোলার ওই ব্যাটারি কারখানায় অভিযান চালান। এ সময় সেখান থেকে হংকং ও ম্যাকাওয়ের এক সেট ক্যাসিনোসামগ্রী জব্দ করা হয়।
