দেশে ফেরার ৬ দিন পর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে যুবক

আপডেট : ০৫ মার্চ ২০২০, ০৭:৩৮ পিএম

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে সিলেটের দুবাই প্রবাসী এক যুবককে (৩২) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই যুবক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেলে তার লক্ষণ দেখে চিকিৎসকরা সন্দিহান হন। পরে জেলা প্রশাসনের নির্দেশে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি ২৯ ফেব্রুয়ারি দেশে ফেরেন।

এখানে আলাদা একটি কেবিনে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত কি না তা নিশ্চিতের জন্য বৃহস্পতিবার তার রক্তের নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় সাংবাদিকদের জানান, চিকিৎসাধীন ওই প্রবাসী যুবক করোনাভাইরাসে আক্রান্ত কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাকে দেখতে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে আইসিডিডিআরবির একটি প্রতিনিধি দল সিলেটে আসেন। তারা রক্তের নমুনা ঢাকায় নিয়ে গেছেন। পরীক্ষা করে নিশ্চিত হতে দু দিন সময় লাগবে।

ডা. হিমাংশু আরো জানান, সন্দেহভাজন ব্যক্তিকে হাসপাতালের আলাদা কেবিনে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি জানান, ওই প্রবাসী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি দুবাইয়ে একটি হোটেলে কাজ করতেন। ওই হোটেলে বেশ কয়েকজন চীনা নাগরিক কিছুদিন ছিলেন। এ কারণে সন্দেহ কিছুটা বেড়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

ডা. হিমাংশু জানান, ওই প্রবাসীর পরিবারকেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের কয়েক দিন অন্য লোকজনের সঙ্গে না মিশতে অনুরোধ করা হয়েছে।

ওসমানী হাসপাতাল সূত্র জানায়, সিলেটের কানাইঘাট উপজেলার ওই প্রবাসী বুধবার ওসমানী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। এ সময় তার লক্ষণ দেখে চিকিৎসকদের সন্দেহ হয়। পরে বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়। জেলা প্রশাসনের নির্দেশে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে আলাদা কেবিনে ভর্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত