আওয়ামী লীগ নিজেরা রাজনীতি করে না, অন্যকেও সুযোগ দিচ্ছে না: রবি

আপডেট : ০৫ মার্চ ২০২০, ১০:০৬ পিএম

ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেরা রাজনীতি করে না অন্যকেও করার সুযোগ দিচ্ছে না বলে অভিযোগ করেছেন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রবি।

তিনি বলেছেন, ‘নৌকা প্রতীক পাওয়া মানেই এমপি। ক্ষমতাসীন আওয়ামী লীগের গত ১১ বছরে দেশে এ ধারণা প্রতিষ্ঠিত হওয়ায় অরাজনৈতিক ব্যক্তিরা এমপি হতে চান’।

বৃহস্পতিবার সকালে রবীন্দ্র সরোবর এলাকায় প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে গণসংযোগ এবং লিফলেট বিতরণের সময় তিনি সাংবাদিকদের এসব বলেন।

বিকেল ৪টার দিকে হাজারীবাগ বাজার থেকে শুরু করে বড় মসজিদ, বটতলা মাজার, বুরহাপুর, কাজীরবাগ, কুলালমহল, হাজারীবাগ পার্ক, সাহা রোড, ভাগলপুর লেন হয়ে বেড়িবাঁধ এলাকায় গণসংযোগ করেন রবি।

সকালে শেখ রবিউল আলম রবি বলেন, ‘রাজনীতি করে পার্লামেন্টে সংসদ সদস্য হতে হয়, সেটা আওয়ামী লীগের মধ্যে নাই। বর্তমানে জাতীয় সংসদে ৬৯ শতাংশ অরাজনৈতিক ব্যক্তি সংসদ সদস্য। এটা কেন হলো? আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি নস্যাৎ করে দিয়েছে। তারা বাংলাদেশ থেকে রাজনীতি নির্বাসিত করতে চায়। আওয়ামী লীগ নিজেরাও রাজনীতি করে না। অন্য দলগুলোকেও রাজনীতি করার সুযোগ দিচ্ছে না।’

শেখ রবি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি গড়ে উঠেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে আদর্শে ও সততায়। এই দলের নেতাকর্মীদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা কোনো ব্যাপার না। আমরা এও জানি কীভাবে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হয়। কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রেখেছে। এই উপনির্বাচনে বিএনপির নেতাকর্মীরা সর্বোচ্চ ঝুঁকি নেবে।’

ধানের শীষের জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রবি বলেন, ‘জয় নিয়ে আমি চিন্তিত নই। আমি একটা বিষয়ে চিন্তিত নির্বাচনের দিন আওয়ামী লীগ কীভাবে তাদের দেউলিয়াত্ব প্রকাশ করবে। তারা কি ক্ষমতালোভী রাজনীতি অব্যাহত রাখবে, নৌকা বিজয়ী করতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করবে?’

এ সময়ে তার সঙ্গে ছিলেন ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহসভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সৈকত, শ্রমিক দলের সভাপতি আবু কাওছারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত