মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবলে আরেকটি বড় জয় পেয়েছে ফেভারিট বসুন্ধরা কিংস। বৃহস্পতিবার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে নাসরিন স্পোর্টস একাডেমিকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি।
তিন ম্যাচে এ নিয়ে প্রতিপক্ষকে ৩৪ গোল দিল বসুন্ধরা। বিপরীতে এখনো হজম করেনি কোনো গোল।
লিগে নিজেদের প্রথম ম্যাচে বেগম আনোয়ারা স্পোর্টিংকে ১২-০ গোলে হারায় বসুন্ধরার মেয়েরা। দ্বিতীয় ম্যাচে স্পার্টান এমকে গ্যালাক্টিকো সিলেট এফসিকে হারায় ১৩-০ ব্যবধানে।
এদিন কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ৪ গোল আদায় করে বসুন্ধরা। দ্বিতীয়ার্ধে করে আরো ৫টি। বসুন্ধরার হয়ে টানা তিন ম্যাচে হ্যাটট্রিক পেয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন।
এদিন ম্যাচের ৪৩, ৪৮ ও ৮৮ মিনিটে গোল তিনটি করেন সাবিনা। ‘গোল মেশিন’ খ্যাত এই তারকার ৩ ম্যাচে গোল সংখ্যা দাঁড়াল ৯টি।
এদিনের জয়ে সাবিনার হ্যাটট্রিক ছাড়াও তহুরা খাতুন ও কৃষ্ণা রানী সরকার দুটি করে গোল করেন। একটি করে গোল করেন আঁখি খাতুন ও সানজিদা আক্তার।
জামালপুর কাচারিপাড়া একাদশ ও এফসি উত্তরবঙ্গের মধ্যকার দিনের অন্য ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
