মিটু নিয়ে মুখ খুললেন কাজল

আপডেট : ০৬ মার্চ ২০২০, ১২:১৭ এএম

হ্যাশট্যাগ মিটু নিয়ে গেল দুই বছর অনেক কথাই হয়েছে। সে সময় কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো কাহিনী হয়েছে। অনেক বড় বড় অভিনেতা এবং পরিচালকদের নামও বেরিয়ে এসেছিল সেইসব অভিযোগে। এত প্রতিবাদ, সোশ্যাল মিডিয়ায় এত লেখালেখিতে কোনো লাভ হয়েছে কী? বলিউডে কোনো বদল এসেছে? সম্প্রতি এসব প্রশ্নের মুখে পড়েন বলিউডের জনপ্রিয় তারকা কাজল। অবশেষে এ নিয়ে মুখ খুলতে হয়েছে তাকে। কাজলের মতে, বদল এসেছে। সিনেমার সেটে কি তবে বর্তমানে মেয়েদের আলাদা চোখে দেখা হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে কাজল বলেন, ‘হ্যাঁ। অবশ্যই পরিবর্তন এসেছে। শুধু ফিল্মের সেটেই নয়। বিভিন্ন ক্ষেত্রেও তার প্রতিফলন দেখা যাচ্ছে । সত্যি বলতে ‘ভালো’, ‘মন্দ’ সব ধরনের পুরুষই কিছু করার আগে অনেক ভেবে চিন্তে এগোয় এখন।’

কাজলের শর্টফিল্ম ‘দেবী’ সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে। ভারতের নারী ধর্ষণ নিয়ে ব্যতিক্রমধর্মী ও তারকাবহুল এই শর্টফিল্ম এরইমধ্যে দারুণ প্রশংসিত হয়েছে। বিশেষ করে কাজলের মতো মূল ধারার বলিউড সিনেমার নায়িকা এ ধরনের চরিত্রে যে সাবলীল অভিনয় করেছেন তা তাকে আরও একবার আলোচনায় নিয়ে এসেছে। ‘দেবী’র প্রচারে এসেই কাজল মিটু নিয়ে কথা বলেন। তখন তার পাশে ছিলেন ‘দেবী’র আর এক অভিনেত্রী শ্রুতি হাসান। কাজলের সুরেই সুর মেলালেন তিনিও। শ্রুতি বললেন, ‘তখন মিটু নিয়ে প্রতিবাদ মাত্র শুরু হয়েছে। আমার ফ্লাইটের এক সহযাত্রীকে দেখলাম, কর্মক্ষেত্রে যৌন হেনস্তা ও সেই সংক্রান্ত বিষয়ে শারীরিক নৈকট্যের ওপর একটি প্রতিবেদন পড়ছিলেন। এই সচেতনতা দেখে ভালো লেগেছিল।’

ঠিক দু’বছর আগে হলিউড ছাপিয়ে #মিটুর রেশ এসে পড়েছিল বলিউডেও। একের পর এক অভিনেত্রী তাদের অভিনয় জীবনে ঘটে যাওয়া নানা অপ্রীতিকর ঘটনা নিয়ে সরব হয়েছিলেন। শুরু হয়েছিল প্রতিবাদ। বড় অভিনেতা, গায়ক, পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে উঠেছিল অভিযোগ। নানা পাটেকর, অলোক নাথ, সাজিদ খান, আনু মালিকদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন নেহা ধুপিয়া, তনুশ্রী দত্তরা। সেই প্রতিবাদ আজও চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত