বেরোবিতে শিক্ষকদের পাল্টাপাল্টি মানববন্ধন

আপডেট : ০৬ মার্চ ২০২০, ১২:৫২ এএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ‘উপাচার্যের হাজিরা খাতা’ উধাও এবং ক্যাম্পাসে সার্বক্ষণিক উপস্থিতি ও উদ্ভূত সমস্যা সমাধানে উপাচার্যের সঙ্গে সাক্ষাতের দাবিতে অধিকার সুরক্ষা পরিষদের ব্যানারে মানববন্ধন করেছে শিক্ষকদের এক পক্ষ। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে একই জায়গায় দুপুর ২টার দিকে সুরক্ষার নামে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণন করার প্রতিবাদে নব প্রজন্ম শিক্ষক পরিষদের ব্যানারে মানববন্ধন করেছেন বর্তমান উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহর আমলে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। এদিকে শিক্ষকদের পাল্টাপাল্টি মানববন্ধনে সেশনজটের শঙ্কায় পড়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রত্যেক উপাচার্যের মেয়াদের শেষের দিকে এসে আন্দোলনের তীর্থ ভূমিতে পরিণত হয় বেরোবি।

অনুসন্ধানে দেখা যায়, মানববন্ধন-পাল্টামানববন্ধন বেরোবির অবিচ্ছেদ্য অংশ। গত দুই উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়া ও ড. নূর উন নবীর সময়েও আন্দোলন থেকে রক্ষা পায়নি এ বিশ্ববিদ্যালয়। জলিল মিয়ার আমলে যারা অন্যায় অপকর্মের প্রতিবাদে আন্দোলন করেছিলেন, তারাই আবার পরবর্তী সময়ে নূর উন নবীর প্রশাসনের সব অন্যায়-অনিয়মে সহযোগিতা করেছেন। আবার নূর নবীর সময়ে যারা আন্দোলন করেছেন, তারাই আবার বর্তমান উপাচার্যের সব অন্যায়-অনিয়মকে সমর্থন দিয়ে যাচ্ছেন।

শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও অধিকার সুরক্ষা পরিষদের সদস্য ড. তুহিন ওয়াদুদ বলেন, কী করে একজন উপাচার্য ৮০ শতাংশ দিন ক্যাম্পাসে অনুপস্থিত থেকে ৫০টি কোর্স পড়ানোর দায়িত্ব নেন? অধিকার সুরক্ষার নামে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে আখ্যা দেন নব প্রজন্ম শিক্ষক পরিষদের আহ্বায়ক সুমাইয়া তাহসিন হামিদা।

অপরদিকে, উপাচার্যের উপস্থিতি-অনুপস্থিতির ‘হাজিরা খাতা’ বোর্ডটি গত মঙ্গলবার রাতে কে বা কারা নিয়ে গেছে। এ ঘটনায় অধিকার সুরক্ষা পরিষদের পক্ষ থেকে পরদিন বুধবার তাজহাট থানায় করা হয়েছে জিডি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত