রূপগঞ্জে ছিনতাই হওয়া ২০ টন ভুট্টা সিরাজগঞ্জে উদ্ধার

আপডেট : ০৬ মার্চ ২০২০, ১২:৫৯ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া ২০ টন ভুট্টাসহ একটি ট্রাক সিরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে সিরাজগঞ্জের কড্ডার মিরপুর রোড রেলস্টেশন এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন দুলাল মণ্ডল, আব্দুর রহিম ও আতিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে থানার পরিদর্শক মামুন এ তথ্য জানান। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পরিদর্শক মামুন জানান, গত ২৮ জানুয়ারি উত্তরবঙ্গ ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ ট্রাকে রূপসী এলাকার একটি মিল থেকে ২০ টন ভুট্টা বোঝাই করে টাঙ্গাইলের একটি খামারের উদ্দেশ্যে পাঠায়। ট্রাকটি সময়মতো সেখানে পৌঁছায়নি। ট্রাকচালক রুবেল ওরফে সাঈদ ও তার সহকারীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ট্রাকটির খোঁজ না পেয়ে উত্তরবঙ্গ ট্রান্সপোর্টের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ গত ১৬ ফেব্রুয়ারি চালক রুবেল ওরফে সাঈদ ও ট্রাকটির মালিক আমিনুল ইসলামকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। গত বুধবার রাতে প্রযুক্তি ব্যবহার করে রূপগঞ্জ থানার পুলিশ সিরাজগঞ্জের কড্ডার রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ভুট্টাগুলো উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত