লিটন দাসের অসাধারণ ব্যাটিংয়ের পরপরই বৃষ্টির বাধায় বন্ধ হয়ে গেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের খেলা। খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩৩.২ ওভার শেষে বিনা উইকেটে ১৮২ রান।
লিটন ১০২ রান ও তামিম ৭৯ রানে অপরাজিত আছেন। ওপেনিং জুটিতে দেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন তারা। দুই ব্যাটসম্যানকে থামানোর পথ পাচ্ছিল না জিম্বাবুয়ে। বৃষ্টি যেন তাদের জন্য স্বস্তিই হয়ে এলো।
লিটন দাসের সেঞ্চুরি
দুর্দান্ত ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। সেঞ্চুরির দিকে এগিয়ে চলছেন তামিম ইকবালও। ওপেনিং জুটির অসাধারণ ব্যাটিংয়ে বিশাল সংগ্রহের ভিত পেয়েছে বাংলাদেশ।
ইনিংসের ৩৩তম ওভারে পঞ্চম বলে শেন উইলিয়ামসের পঞ্চম বলে লিটন দাসকে চার হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। এই জন্য ডানহাতি এই ব্যাটসম্যানকে খেলতে হয়েছে ১১৪টি বল। হাঁকান ১৩টি চার।
৩৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি লিটনের তৃতীয় শতক। চলতি সিরিজের প্রথম ওয়ানডেই পেয়েছিলেন দ্বিতীয় সেঞ্চুরির দেখা।
বিনা উইকেটে ১৫০ ছাড়াল বাংলাদেশের সংগ্রহ
তামিম ইকবাল ও লিটন দাসের অসাধারণ ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বিশাল সংগ্রহ গড়তে যাচ্ছে বাংলাদেশ। বিনা উইকেটে দলীয় সংগ্রহ ১৫০ ছাড়িয়েছে।
তিরিশতম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৫২। সেঞ্চুরির দিকে এগিয়ে চলছেন দুই ওপেনার তামিম ও লিটন। ওয়ানডেতে এই নিয়ে পাঁচবার দেড়শো বা এর বেশি রানের ওপেনিং জুটি দেখল বাংলাদেশ।
তামিমের অর্ধশতক
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানো তামিম ইকবাল তৃতীয় ও শেষ ম্যাচেও বড় সংগ্রহের ভিত গড়েছেন। এরই মধ্যে ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশ দলের এই অভিজ্ঞ ওপেনার।
স্পিনার সিকান্দার রাজার করা ইনিংসের ২২তম ওভারের প্রথম বলে ২ রান নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ৪৮তম অর্ধশতক পূর্ণ করেন তামিম। এজন্য খেলেছেন ৬০ বল; তাতে ছক্কার মার দুটি, ছক্কা তিনটি! এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যক্তিগত রেকর্ড ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন দেশসেরা ব্যাটসম্যান তামিম।
দাপুটে ব্যাটিং করছেন তামিমের সঙ্গী লিটন দাসও। ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ অর্ধশতক তুলে নেওয়া এই ওপেনার সেঞ্চুরির স্বপ্ন বুনছেন।
একশো পার বাংলাদেশের
তামিম ইকবাল ও লিটন দাসের দারুণ ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ। বিনা উইকেটে একশো ছাড়িয়েছে দলীয় সংগ্রহ।
স্পিনার শেন উইলিয়ামসের করা ইনিংসের ঊনিশতম ওভারের দ্বিতীয় বলে লিটন এক রান নিতেই তিন অঙ্ক স্পর্শ করে বাংলাদেশের সংগ্রহ। ফিফটি পূর্ণ করেছেন লিটন। তামিমের ব্যক্তিগত সংগ্রহও ফিফটির কাছাকাছি।
লিটন দাসের দাপুটে ফিফটি
শুরুতে কয়েকবার ওভার ছিলেন সাবধানী মেজাজে। সময়ের সঙ্গে হয়েছেন মারমূখী। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লিটন দাস তুলে নিয়েছেন দাপুটে ফিফটি।
৫৪ বলে ৭ চারে অর্ধশতক পূর্ণ করেন সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকানো লিটন। ওয়ানডেতে এটি তার চতুর্থ অর্ধশতক।
ওপেনিং জুটিতে লিটনের সঙ্গী তামিম ইকবালও বড় ইনিংস খেলার ভিত গড়েছেন। আগের ম্যাচে রেকর্ড ১৫৮ রানের ইনিংস খেলা দেশ সেরা এই ব্যাটসম্যানের ব্যক্কিগত সংগ্রহ এরই মধ্যে ৩০ রান ছাড়িয়েছে।
লিটন-তামিমে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। দলীয় সংগ্রহ ১৬ ওভার শেষে ৮৬ রান।
তামিম-লিটনে ভালো শুরু বাংলাদেশের
তামিম ইকবাল ও লিটন দাসের সাবধানী ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ দল। বিনা উইকেটে দলটির সংগ্রহ ১০ ওভারে ৫০ ছাড়িয়েছে।
তুলনামূলক দ্রুত গতিতে রান তুলছেন লিটন। সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যানের সংগ্রহ ৩০ ছাড়িয়েছে।
বরাবরের মতো এবারও সাবধানী তামিম। আগের ম্যাচে ১৫৮ রানের ইনিংস খেলা অভিজ্ঞ এই ওপেনারের রান কুড়ি ছাড়িয়েছে।
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিতে লাল-সবুজদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অতিথি দলের অধিনায়ক চামু চিবাবা।
একই ভেন্যুতে প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এই লড়াইয়ে জয় পেলে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার আনন্দে মাতবে তারা।
ম্যাচটিতে সব নজর মাশরাফীর দিকে। এই লড়াই দিয়ে অধিনায়ক ক্যারিয়ারে ইতি টানবেন দেশসেরা এই পেসার।
অধিনায়ক হিসেবে বিদায়ী ম্যাচে দারুণ একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মাশরাফী। ম্যাচটি জিতলে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে ৫০টি ওয়ানডে ম্যাচ জেতানো অধিনায়ক হবেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।
চার পরিবর্তন বাংলাদেশ একাদশে
সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে চারটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন আগের দুই ম্যাচে ভালো খেলতে না পারা নাজমুল হোসেন শান্ত। বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে। তাদের জায়গায় এসেছেন মোহাম্মদ নাঈম ও আফিফ হোসেন। দুই জনেরই আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক।
বিশ্রাম কাটিয়ে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া পিতার গুরুতর অসুস্থতায় দলছুট পেসার শফিউল ইসলামের পরিবর্তে ফিরেছেন মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস (উইকেটকিপার), মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান
সিরিজের দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর লড়াই শেষে হেরে যাওয়া জিম্বাবুয়ে তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি।
জিম্বাবুয়ে একাদশ: শন উইলিয়ামস (অধিনায়ক), টিনাশে কামুনহুকামউই, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, রিচমন্ড মুতুমবামি, টিনোটেন্ডা মাটুমবোদজি, ডনাল্ড টিরিপানো, কার্ল মুম্বা, চার্লটন টিশুমা।
