‘কথিত স্বামীর’ বিরুদ্ধে গার্মেন্টস শ্রমিককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

আপডেট : ০৬ মার্চ ২০২০, ০৮:৩৮ পিএম

সাভারের আশুলিয়ার শুটিংবাড়ি এলাকায় সাজেদা বেগম নামে এক পোশাক শ্রমিক তরুণীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই তরুণীর কথিত স্বামী সুজন।  

শুক্রবার দুপুরে আশুলিয়ার শুটিংবাড়ি এলাকার আলাউদ্দিনের মালিকানাধীন বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত সাজেদা বেগম গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। তিনি আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।

পুলিশ জানায়, সাজেদা ও তার স্বামী পরিচয়ে সুজন নামে এক ব্যক্তি আলাউদ্দিনের বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। শুক্রবার সকালে প্রতিবেশীরা সাজেদার ফ্ল্যাটের দরজা খোলা পেয়ে ভেতরে প্রবেশ করে। এ সময় সাজেদার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে দুপুরে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আরমান আসাওয়াত জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ওই নারীকে রাতে শ্বাসরোধ করে হত্যার পর তার কথিত স্বামী সুজন পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত