মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত সেই আমিন হুদার মৃত্যু

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০২:৩১ এএম

মাদক মামলায় ৭৯ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি আমিন হুদা (৪৬) মারা গেছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার ইকবাল কবীর চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেলে আমিন হুদার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

কারা কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৩ সালের ২ জুন থেকে আমিন হুদা কারাগারে ছিলেন। এর মধ্যে চিকিৎসার জন্য কয়েক দফায় প্রায় তিন বছর তিনি বিভিন্ন হাসপাতালে থেকেছেন। সর্বশেষ গত ১ আগস্ট তাকে বিএসএমএমইউতে পাঠানো হয়।

২০০৭ সালের ২৪ অক্টোবর রাজধানীর গুলশানের একটি বাড়ি থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হন আমিন হুদা ও তার সহযোগী আহসানুল হক। পরে আমিন হুদার দেওয়া তথ্য অনুযায়ী, গুলশানের আরেকটি বাসা থেকে ১৩৮ বোতল মদ, পাঁচ কেজি ইয়াবা (১ লাখ ৩০ হাজার পিস) ও ইয়াবা তৈরির যন্ত্রপাতি উদ্ধার করা হয়। ওই ঘটনায় মাদক আইনে দুটি মামলা হয়। পরে ২০১২ সালের ১৫ জুলাই আমিন ও তার সহযোগীকে ৭৯ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। একই সঙ্গে তাদের ৭ কোটি ৫৫ লাখ টাকার অর্থদণ্ড দেওয়া হয়। ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের ভাগ্নে আমিন হুদার মৃত্যুর খবর শুনে গতকাল হাসপাতালে ছুটে যান স্বজনরা।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২৭৬৮/এ নম্বর কয়েদি আমিন হুদার মৃত্যুতে গতকাল রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কারাগারের ডেপুটি জেলার মো. লাবলু। মৃত্যুর কারণ মৃত্যুর প্রমাণপত্রে আছে বলে জিডিতে উল্লেখ করা হয়। জিডিতে মো. লাবলু উল্লেখ করেন, আমিন হুদা দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। তার পিতার নাম ডা. জুলফিকার হুদা ওরফে জুল হুদা। গুলশান-২-এর ৫৭ নম্বর রোডের ১১/বি নম্বর বাড়ির বাসিন্দা আমিন হুদার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় একাধিক মামলা ছিল। সেসব মামলায় তার ৭৯ বছরের সাজা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত