করোনাভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা ২০০ ছুঁইছুঁই

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০৯:১৮ এএম

ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার দ্রুত বাড়ছে। প্রাণহানির সংখ্যা শুক্রবার ১৯৭ জনে দাঁড়িয়েছে।

বিবিসি জানায়, ২৪ ঘণ্টার মধ্যে ইউরোপের দেশটিতে মারা গেছেন ৪৯ জন। যা আগের যে কোনো দিনের চেয়ে বেশি। এ ছাড়া আক্রান্তের ৪ হাজার ৬০০টি ঘটনা রেকর্ড করা হয়েছে।

বর্তমানে চীনের বাইরে এই মহামারিতে মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি ঘটছে ইতালিতে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, বিশ্বব্যাপী এক লাখের মতো মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। ইতিমধ্যে মারা গেছে তিন হাজারের বেশি মানুষ। তাদের বড় অংশই চীনের।

হু’র ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুস এই ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়াকে ‘গভীর উদ্বেগের বিষয়’ বলে উল্লেখ করেন সম্প্রতি। একে নিয়ন্ত্রণে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দিতে সব দেশকে অনুরোধ করেন।

এ দিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে ইতালি। মার্চের মাঝামাঝি পর্যন্ত বন্ধ থাকবে সবগুলো স্কুল ও বিশ্ববিদ্যালয়।

কয়েক দিন আগে একটি ভিডিওতে ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে জানান, দর্শক ছাড়াই পেশাদার ফুটবল ম্যাচ ও বড় খেলাগুলো অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামে কোনো দর্শক থাকবে না।

শেষকৃত্যের অনুষ্ঠানেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

করোনা সংক্রমণ রোধে নতুন নির্দেশিকা মেনে চলতে নাগরিকেরা দায়িত্বশীল আচরণ করবে বলে তিনি আশা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত