ঢাকার কেরানীগঞ্জে ৭ম শ্রেণির এক ছাত্রীর সাহসী ভূমিকায় ইভটেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা ১২ টার দিকে জিনজিরা পি এম পাইলট বালিকা বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম জহিরুল ইসলাম (২০)। সে মো. নুরুল হকের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আসাদুজ্জামান টিটু জানান, আমি এবং এস আই রফিকুল ইসলাম জিনজিরা এলাকায় অবস্থান করছিলাম। এ সময় জিনজিরা পিএম পাইলট বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির একজন ছাত্রী তার সহপাঠীকে নিয়ে আমাদের কাছে একটা চিঠি নিয়ে আসে।
চিঠিতে সে অভিযোগ করে, একটা ছেলে দীর্ঘদিন যাবৎ স্কুলে আসা যাওয়ার পথে তাকে বিরক্ত করে। ছেলেটি প্রেমের সম্পর্ক করার জন্য মেয়েটিকে নানা ভাবে হয়রানির চেষ্টা করছে। পুলিশ যেন এ ব্যাপারে পদক্ষেপ নেয় মেয়েটি চিঠিতে সেই অনুরোধ ও করে।
আসাদুজ্জামান টিটু জানান, অভিযোগ পেয়ে মেয়েটিকে নিয়ে আমরা জিনজিরা পি এম পাইলট বালিকা বিদ্যালয়ের সামনে গেলে সে ছেলেটিকে দেখিয়ে দেয়। ছেলেটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে তার দোষ স্বীকার করে। এরপরে দ্রুত শাস্তি প্রদানের জন্য বিষয়টি আমরা কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলকে অবগত করি।
কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। অভিযুক্ত ছেলেটি তার দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করি।
সাহসী ভূমিকার জন্য মেয়েটিকে সাধুবাদ জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সমাজের সবাই যদি অন্যায়ের বিরুদ্ধে এভাবে এগিয়ে আসে তাহলে সমাজের অনেক কিছুই পরিবর্তন হবে।
