ঢাকার হাজারীবাগে অপহরণের ৩ দিন পর গাজীপুর থেকে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে নগরীর মিরেরগাঁও এলাকায় রেললাইনের পাশ থেকে ইব্রাহিমের (১০) লাশ উদ্ধার করা হয়। ইব্রাহিম হাজারীবাগ এলাকার মনির হোসেনের ছেলে। স্থানীয় ইকরা ক্যাডেট মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল সে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঁইয়া জানান, শনিবার সকালে রেললাইনের পাশে ইব্রাহিমের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। অপহরণের পর ইব্রাহিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হাজারীবাগ থানার এসআই আ. রহমান জানান, অপহরণকারীদের ধরার জন্য অভিযান চলা অবস্থায়ই শনিবার ইব্রাহিমের লাশ উদ্ধারের খবর পাওয়া যায়। পরে ময়নাতদন্তের পর সন্ধ্যায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
