নিজের খোয়া যাওয়া ব্যাকপ্যাক উদ্ধার করে দেওয়ায় রাজধানীর হাতিরঝিল থানার দুই পুলিশ কর্মকর্তাকে ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করেছেন বরিশাল বিভাগীয় স্পেশাল জজ মহসিনুল হক। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর নিউ ইস্কাটন থেকে ল্যাপটপ, ক্যামেরা ও মোবাইল ফোনসহ তার ব্যাকপ্যাকটি খোয়া যায়। তিন দিনের মাথায় গত ২ মার্চ সাভার থেকে সেটি উদ্ধার করে পুলিশ। গতকাল শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে উদ্ধার করা এসব মালামাল মহসিনুল হকের হাতে তুলে দেওয়া হয়। এ সময় হাতিরঝিল থানার উপপরিদর্শক খায়রুল আলম ও সহকারী উপপরিদর্শক তরিকুল ইসলামের হাতে একটি করে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন বিচারক মহসিনুল হক।
মহসিনুল হক জানান, গত ২৮ ফেব্রুয়ারি রাত পৌনে ৮টার দিকে তিনি দিলু রোডে একটি রিকশা থেকে নেমে বাসায় ঢোকেন। তখন ওই রিকশায় একটি ব্যাকপ্যাক ফেলে আসেন। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, ঘটনার পর বিভিন্ন সড়কের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায় রিকশাচালক তার রিকশাটি গ্যারেজে রাখেন। পরে রিকশা গ্যারেজের মালিকের মাধ্যমে রিকশাচালকের অবস্থান নিশ্চিত হওয়া যায়।
