লালমনিরহাটে টর্নেডোর আঘাতে লন্ডভন্ড অর্ধশত ঘরবাড়ি

আপডেট : ০৮ মার্চ ২০২০, ১০:০২ এএম

টর্নেডোর আঘাতে মুহূর্তেই লন্ডভন্ড হয়ে গেছে অর্ধশত ঘরবাড়ি। লালমনিরহাট আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বাদিয়ারচড়া গ্রামের উপর দিয়ে শনিবার সন্ধ্যায় টর্নেডো আঘাত হানে।

টর্নেডোর আঘাতে বসতবাড়ি, গাছপালা, বিদ্যুতের তার ও সবজি বাগান লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

ঝড়ে উড়ে গেছে অনেকের ঘরের মূল্যবান জিনিসপত্র।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন, আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম ও কমলাবাড়ী ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলালসহ সরকারি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

image

এ সময় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল, ডাল, চিনি, তৈল, চিড়া, লবণসহ শুকনো খাবার হিসেবে জরুরি ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

টর্নেডোতে ক্ষতিগ্রস্ত সিরাজুল বলেন, ‘বাড়িঘর যা ছিল, ১মিনিটেই শেষ। রাত কাটার (শোবার) জন্য কিছুই নেই। এখন খোলা আকাশের নিচেই রাত পার করতে হবে।’

আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, টর্নেডোর আঘাতে অর্ধশতাধিক বাড়ি দুমড়ে-মুচড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পরিবারগুলোর মাঝে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করা হবে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার দেওয়া হয়েছে। যদি প্রয়োজন হয় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউএনওর যোগাযোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রণয়ন করে প্রয়োজনে আরও সহায়তা দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত