ভারতের শুধুমাত্র মহারাষ্ট্র রাজ্যে ৫ বছরে ১৪ হাজার ৫৯১ জন কৃষক আত্মহত্যা করেছে বলে জানিয়েছে রাজ্যটির ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়। ২০১৪ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের আগস্ট পর্যন্ত এই হিসাব করা হয়েছে।
মন্ত্রী বিজয় ওয়াদেতিয়ার জানিয়েছেন, রাজ্যের শুধুমাত্র নাগপুর এবং অমরাবতী রাজস্ব বিভাগের অন্তর্গত ১১টি জেলায় ২০১৯ সালে ১,২৮৬ জন কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এদিন বিধান পরিষদে কংগ্রেস সদস্য শরদ রণপিসের এক প্রশ্নের জবাবে বিজয় ওয়াদেতিয়ার এই তথ্য জানান।
তিনি বলেন, ‘২০১৪ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের আগস্টের মধ্যে ১৪, ৫৯১ জন কৃষক আত্মঘাতী হন। এর মধ্যে ৫, ৪৩০টি ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনও সহায়তা করা হয়নি। এ ছাড়া ২১৪টি মামলায় তদন্ত বাকি আছে।’
মহারাষ্ট্রের যে ছয় জেলায় সর্বাধিক কৃষক আত্মহত্যার ঘটনা ঘটেছে সেখানে বিশেষ আর্থিক প্যাকেজ বরাদ্দ করা হয়েছে বলে উদ্ধব ঠাকরে সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের মন্ত্রীকে জানিয়েছেন।
কৃষক আত্মহত্যার নিরিখে ভারতে মহারাষ্ট্রের নাম উপরের দিকে। ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে মহারাষ্ট্রে প্রায় ১২ হাজার কৃষক আত্মঘাতী হয়েছিলেন বলে আগেই সেদেশের সরকার জানিয়েছিল। মূলত ব্যাংক থেকে নেওয়া ঋণ শোধ করতে না পারা ও শস্য উৎপাদন ব্যাহত হওয়া আত্মহত্যার অন্যতম কারণ।
