ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল সিলগালা

আপডেট : ০৮ মার্চ ২০২০, ০৭:৪৪ পিএম

ফেনীর চিশতিয়া মা ও শিশু হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটিকে সিলগালাসহ ৩০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

রোববার দুপুরে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন শেষে ব্যাপক অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন।

এর আগে শনিবার রাতে ওই হাসপাতালে ভুল চিকিৎসায় ফারহানা আক্তার নামে এক প্রসূতির মৃত্যু হলে তোলপাড় শুরু হয়।

জানা যায়, শনিবার দুপুরে ফেনী শহরের চিশতিয়া মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় প্রসূতি নারী ফারহানা আক্তারকে। বিকেলে তাকে দ্রুত সিজার করার কথা বলে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তান হওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। এ সময় প্রসূতির অবস্থা আশঙ্কাজনক জানিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথেই মারা যায় প্রসূতি। চিকিৎসকের পরিবর্তে নার্স দিয়ে অপারেশন করায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

নিহত ফারহানা আক্তার ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর এলাকার জুলহাসের স্ত্রী। বর্তমানে নবজাতকটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনেরা হাসপাতাল ভাঙচুরের চেষ্টা চালায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় চিকিৎসক নাসরিন আক্তার শিমু ও হাসপাতালের মালিকসহ ৩ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় মামলা করেছে নিহতের পরিবার।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান জানান, ব্যাপক অনিয়ম ও খামখেয়ালি করে চিকিৎসা দেওয়ার অভিযোগে রবিবার দুপুরে ওই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স নবায়ন না করে অস্বাস্থ্যকর পরিবেশে হাসপাতালের কার্যক্রম পরিচালনা ও অদক্ষ নার্সসহ নীতিমালা না মেনে ক্লিনিক চালানোর দায়ে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত