করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে ভারতের আসাম রাজ্যের ৪০০ মানুষকে কোয়ারেন্টাইন করা হয়েছে। অরুনাচলে প্রদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করে রবিবার টুইট করেছেন আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
এই সময় জানিয়েছে, ভুটানে বেড়াতে গিয়ে শরীরে করোনাভাইরাস ধরা পড়ে এক মার্কিন পর্যটকের। আর তার জেরে ভারতের আসামে কোয়ারেন্টাইন করা হয় প্রায় ৪০০ মানুষকে। কারণ, এই মার্কিন নাগরিক ভুটানে যাওয়ার আগে বেশ কিছুদিন আসামে ছিলেন।
আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, এখন পর্যন্ত রাজ্যের মোট পাঁচজনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। তবে কারও শরীরেই এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
তবে তিনি বলেন, ‘রাজ্যের স্বাস্থ্য দপ্তর মোট ৪০০ জনকে চিহ্নিত করেছে, যারা এই পর্যটকের সংস্পর্শে এসেছেন। চিকিত্সক এবং মাইক্রোবায়োলজিস্টদের কয়েকটি দল এদের সবার ওপর নজর রেখেছে।’
শনিবার স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং পরিবার কল্যাণ মন্ত্রী পিযূষ হাজারিকা জানিয়েছিলেন, মার্কিন নাগরিকের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই বিলাসী ক্রুজ এমভি মহাবাহুকে জোরহাট জেলার নিয়ামাতিঘাট থেকে দূরে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।
এদিকে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুনাচল প্রদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়ে সিএনএন। অরুনাচল এমনিতেই বিশেষ অঞ্চল, যেখানে ভারতীয় পাসপোর্ট ছাড়া অন্য কেউ প্রবেশ করতে গেলে আলাদা করে অনুমতি নিতে হয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেছেন, ‘প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ তুলনামূলক ভালো। বিদেশিদের জন্য ইস্যু করা সব প্রোটেক্টেড এরিয়া পারমিট (পিএপি) বাতিল করা হয়েছে।’
ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে দুইজনের মৃত্যুর প্রাথমিক তথ্য পাওয়া গেলেও তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে।
