করোনা নিয়ে ইতালির কারাগারে দাঙ্গা, নিহত ৬ বন্দী

আপডেট : ০৯ মার্চ ২০২০, ০৭:২১ পিএম

ইতালির এক কারাগারে করোনাভাইরাস প্রতিরোধী ব্যবস্থা নিতে গিয়ে কারারক্ষী ও বন্দীদের মধ্যে দাঙ্গা সৃষ্টি হয়েছে। এতে অন্তত ছয়জন কারাবন্দী নিহত হয়েছে।

আলজাজিরা জানায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্দীদের আলাদা করা এবং দর্শনার্থীদের ওপর কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেয়া হয়।

এতে সোমবার দুপুরের দিকে পুরো দেশের কারাগারগুলোতে উত্তেজনা সৃষ্টি হয়। দুইটি কারাগারে দাঙ্গা সৃষ্টি হয়। 

একটি কারাগারে নিরাপত্তা কর্মীদের জিম্মি করে রাখে বন্দীরা। আরেকটি কারাগারে ঘটে হতাহতের ঘটনা।

 ইতালির কারা কর্তৃপক্ষের প্রধান কর্মকর্তা ফ্রান্সিসকো বাসেন্তিনি জানান, উত্তরাঞ্চলীয় শহর মোডেনায় দাঙ্গায় কারাগারের ভেতরেই মারা যায় তিনজন বন্দী। অন্য তিনজন মারা যায় বন্দীদের অন্যত্র স্থানান্তরের সময়।

তিনি বলেন, ‘করোনাভাইরাস নিয়ে পদক্ষেপে পুরো দেশের কারাগারগুলোতে বিদ্রোহ শুরু করেছে বন্দীরা।’

image

দেশটির বিচার মন্ত্রণালয় জানায়, অনেকগুলো কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রসঙ্গত, ইতালিতে কভিড-১৯ করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ ঘটেছে। চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে দেশটিতে।

ইতালিতে রবিবার একদিনেই মারা গেছে ১৩৩ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৬৬ জনে।

ইতালি কর্তৃপক্ষ জানায়, দেশটিতে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৫ শতাংশ। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫৮৮৩ থেকে বেড়ে ৭৩৭৫ জনে দাঁড়িয়েছে।

দেশজুড়ে সব ধরনের স্কুল, ব্যায়ামাগার, জাদুঘর, নাইটক্লাব এবং অন্যান্য জনসমাগম স্থান বন্ধ ঘোষণা করেছেন। আগামী ৩ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত