তার পায়ের জাদু দেখার অপেক্ষায় ছিল সবাই। বুধবার এএফসি কাপে বসুন্ধরা কিংসের অভিষেকের দিনে ফুরোল সেই অপেক্ষা। ঢাকায় প্রথম খেলতে নামলেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক তারকা হার্নান বার্কোস। করলেন বাজিমাত।
বিশ্ব তারকা লিওনেল মেসির এই সতীর্থ বসুন্ধরা কিংসের জার্সিতে অভিষেকেই করেছেন ৪ গোল। তার দাপুটে পারফরম্যান্সে এএফসি কাপে নিজেদের অভিষেকে মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসকে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা। ‘ই’ গ্রুপের ম্যাচটিতে তুলে নিয়েছে ৫-১ গোলের বড় জয়। বার্কোসের চার গোল ছাড়া অন্য গোলটি করেছেন দানিয়েল কলিন্দ্রেস।
ম্যাচের প্রথমার্ধেই ২-১ গোলে লিড নিয়েছিল বসুন্ধরা। হেড থেকে দুটি গোলই করেন বার্কোস। বিরতির পর আরো দুই গোল আদায় করেন আর্জেন্টাইন তারকা।
১৮ মিনিটে বার্কোস প্রথম এগিয়ে দেন বসুন্ধরাকে। দুই মিনিট পরই অবশ্য পেনাল্টি থেকে টিসি স্পোর্টসকে সমতা এনে দেন আলি আশফাক। ২৬ মিনিটে বিপলুর ক্রসে বার্কোস হেডে জাল খোঁজে নিলে ২-১ এ এগিয়ে যায় বসুন্ধরা।
বিরতির পর সমতায় ফেরার সুযোগ পেয়েছিল টিসি স্পোর্টস। কিন্তু দুই দফায় অতিথি দলকে স্পট কিক ফিরিয়ে গোল বঞ্চিত বসুন্ধরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
৬৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন বার্কোস। এবার পেনাল্টি থেকে গোল করেন তিনি। ৭৬ মিনিটে ব্যবধান ৪-১ করেন দানিয়েল কলিন্দ্রেস। এরপর যোগ করা সময়ে নিজের চতুর্থ গোল করেন বার্কোস।
