সাভারে এক নৃত্যশিল্পীকে দল বেঁধে ধর্ষণের চেষ্টার দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার আয়েশা লাইব্রেরির সামনের একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে নৃত্যশিল্পীকে উদ্ধার করা হয়।
এঘটনায় ধর্ষণচেষ্টার অভিযোগ এনে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী ওই নৃত্যশিল্পী।
গ্রেপ্তারকৃতরা হলো, সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার সুবাস চন্দ্রের ছেলে সুজয় চন্দ্র (২১) ও নজরুল ইসলামের ছেলে সজল (২২)।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমুদ বলেন, রাত সাড়ে ১২টার দিকে ৯৯৯-এর মাধ্যমে কল পেয়ে জানতে পারি ব্যাংক কলোনি কলেজ রোডে আয়েশা লাইব্রেরির সামনে থেকে কয়েক যুবক এক তরুণীতে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আয়েশা লাইব্রেরির সামনে একটি পরিত্যক্ত ভবন থেকে ওই তরুণীকে উদ্ধার করি এবং দল বেঁধে ধর্ষণের চেষ্টা করায় দুই যুবককে আটক করি। এসময় অজ্ঞাতনামা আরও কয়েক যুবক পালিয়ে যায়।
