করোনা নিয়ে রাজনীতি না করতে বিএনপিকে আহ্বান কাদেরের

আপডেট : ১১ মার্চ ২০২০, ০৮:৫৭ পিএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেছেন, ‘করোনাভাইরাস পরিস্থিতিতে অহেতুক নোংরা রাজনীতি করবেন না। এই পরিস্থিতিতে আপনাদের উচিত সরকারকে সহযোগিতা করা। করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি আছে।’

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। 

তিনি বলেন, ‘১৫ আগস্ট ও ২১ আগস্টের মতো ঘটনার কারণে রাজনীতিতে সম্পর্ক বিএনপিই নষ্ট করেছে। তারপরও করোনাভাইরাস ইস্যুতে সবার সহযোগিতা প্রয়োজন। তাই বিএনপিকে বলব, এই সময়ে রাজনৈতিক বিষোদ্‌গার থেকে বিরত থাকুন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়েছে। তারা আইনি লড়াইয়ে ব্যর্থ হয়ে বেগম জিয়াসহ বিভিন্ন বিষয়ে রাজনীতি করে বেড়াচ্ছে। রাজনীতির ইস্যু খুঁজে বেড়াচ্ছে। করোনাভাইরাস নিয়েও তারা তাদের সেই নিকৃষ্ট রাজনীতির আশ্রয় নিয়েছে। 

তিনি বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় যারা সরকারের সদিচ্ছা-আন্তরিকতার ঘাটতি খুঁজে, যারা সরকারের প্রস্তুতি নিয়ে আজকে এ ধরনের অপপ্রচার করে; আমি মনে করি তারা হীন রাজনৈতিক উদ্দেশে এটা করছে।’

মুজিব বর্ষ উদ্‌যাপনের উদ্বোধনী কর্মসূচির পুনর্বিন্যাস ও সমসাময়িক বিষয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকার দলীয় সংসদ সদস্য ও দুই সিটি মেয়রদের সঙ্গে এক যৌথসভায় কথা বলেন দলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে সারা বিশ্বে একটা উদ্বেগ ও আতঙ্ক আছে।

করোনাভাইরাসের উপস্থিতির সঙ্গে সঙ্গে বাংলাদেশই একমাত্র দেশ, যে দেশ সবার আগে কেন্দ্রীয়ভাবে প্রস্তুতি নিয়েছে।
প্রস্তুতিতে সরকারের কোনো ঘাটতি ছিল না দাবি করে ওবায়দুল কাদের বলেন, ইতালি থেকে যে দুজন প্রবাসী বাংলাদেশি এসেছেন, প্রস্তুতি আছে বলেই তাদের সংক্রমণের ব্যাপারটা ধরা পড়েছে এবং তাদের ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তাদের দুজন থেকে আরেকজনের সংক্রমণ হয়েছে, সে ব্যাপারেও ব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া নতুন কারও সংক্রমণ হয়নি। এখানে সংক্রমণ সে পর্যায়ে আসেনি। তার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তুতি নিয়ে রেখেছেন।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত