বংশাল থেকে আনসার আল-ইসলামের সমন্বয়ক গ্রেপ্তার

আপডেট : ১২ মার্চ ২০২০, ০৫:৩০ এএম

রাজধানীর বংশাল থানা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের সমন্বয়ক আবু কায়সার ওরফে রনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম বিভাগের একটি দল। গত মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি পাসপোর্ট ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।

গতকাল বুধবার ডিএমপি নিউজে জানানো হয়, রনি জঙ্গি সংগঠনটির সমন্বয়কের দায়িত্ব পালন করত। ২০১৮ সালে সে দুবাই যায়, সেখান থেকে টেলিগ্রাম ও অন্যান্য নেটওয়ার্কিং অ্যাপসের মাধ্যমে সংগঠনের আদর্শ বাস্তবায়নে কাজ করতে থাকে। একপর্যায়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে গত বছর দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাত মাস কারাভোগের পর রনিকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফিরে সে পুনরায় সংগঠনের সদস্যদের সংগঠিত করে নাশকতামূলক কর্মকাণ্ডের তৎপরতা চালায়। সম্প্রতি রনির নির্দেশে ইসকন মন্দির ও ইসকনের বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা করা হয়েছিল। আগে গ্রেপ্তার সংগঠনের তিন সদস্য আদালতে জবানবন্দিতে রনির নির্দেশে হামলার পরিকল্পনার কথা জানায়। রনি সহযোগীদের মাধ্যমে টেলিগ্রাম, বিভিন্ন অনলাইন চ্যাট গ্রুপ ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সংগঠনের অর্থ সংগ্রহ করত। কাউন্টার টেররিজম বিভাগের কর্মকর্তারা জানান, রনির সঙ্গে সংগঠনের নাজমুল ওরফে উসমান গনি ওরফে আবু আইয়ুব আল আনসারীর যোগাযোগ ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত