করোনাভাইরাস নিয়ে বিএনপি কোনো রাজনীতি করছে না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বজুড়ে এটা মহামারি আকার ধারণ করেছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আর রাজনীতি নেই বলে আমরা কি সরকারের দোষ-ত্রুটি ধরে দিতে পারব না? আমরা এ বিষয়ে কিছু বললেই তারা বলবেন, রাজনীতি করবেন না।
বৃহস্পতিবার নয়াপল্টনে এলাকায় করোনাভাইরাস সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচির পূর্বে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আজকে বিশ্বের অনেকগুলো দেশ করোনাভাইরাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে এই ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা হয়নি। এটাকে প্রথমে গুরুত্বই দেওয়া হয়নি। তাদের ভাষ্যমতে তিনজন আক্রান্ত হওয়ার পর কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।
আদালতগুলোতে থার্মাল স্ক্যানারের ব্যবস্থা নেই জানিয়ে তিনি বলেন, বিমানবন্দরগুলোতে থার্মাল স্ক্যানারের এতটাই অপর্যাপ্ত যে চীনা রাষ্ট্রদূতকে বলতে হয়েছে এখানে পর্যাপ্ত ব্যবস্থা নেই। অন্যদিকে চিকিৎসা কেন্দ্রগুলোতে সব রকম সুযোগ-সুবিধা তৈরি করা হয়নি।
বিএনপি মহাসচিব বলেন, তারা অনেক দেরি করে এ কাজগুলো শুরু করেছে। এর কারণটা হচ্ছে রাজনৈতিক কারণে বিশেষ বর্ষ পালনের কারণে তারা এ দিকে নজর দিতে পারেনি।
তিনি বলেন, বিশ্বজুড়ে এ ভাইরাস সম্পর্কে খুব বেশি একটা ধারণা নেই। আমাদের দুর্ভাগ্য, যে উন্নয়নের ডামাডোল বাজানো হচ্ছে কিন্তু আমাদের স্বাস্থ্য খাত এতই দুর্বল যে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। আজকে ব্যাঙের ছাতার মতো মেডিকেল কলেজ বেড়েছে, টাকা দিয়ে ছাত্রদের সেখানে ঢোকানো হয় এবং সার্টিফিকেট দেওয়া হয়। প্রকৃত অর্থে তাদের যে চিকিৎসক হতে পাঠানো হয়েছে সেটা তারা মনে করছেন না।
খালেদা জিয়ার মুক্তির বিষয় তিনি বলেন, তার মুক্তি আজ একটি জাতীয়তা দাবি, গণদাবি। এর সাথে রাজনীতির কোনো প্রশ্ন নেই। মানবিক কারণে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া একটি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে।
হিউম্যান রাইটসের ওপর মার্কিন এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সেখানে বেগম খালেদা জিয়ার বিষয়টা অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হয়েছে। সেখানে বলা হয়েছে বেগম খালেদার বিরুদ্ধে জুডিশিয়াল যে মামলা হয়েছে তা ত্রুটিহীন নয়। সেখানে বলা হয়েছে তার মুক্তির বিষয়টি রাজনৈতিক কারণে বিলম্বিত হচ্ছে।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ সহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
