বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ নিষেধাজ্ঞা

আপডেট : ১৩ মার্চ ২০২০, ০৩:৩১ পিএম

করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ রোগের কারণে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর চেকপোস্ট দিয়ে ভারত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শনিবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানা গেছে।

নিয়মিত যাত্রী পারাপার কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার বিকেল ৫টা থেকে বুড়িমারী স্থলবন্দর চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশে সময় শেষ হচ্ছে।

নিষেধাজ্ঞায় কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই বাংলাদেশে থেকে এই চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে। এ ছাড়া অন্য কেউ ভারতে প্রবেশ করতে পারবেন না বলে বন্দর সূত্রে জানা গেছে।

বুড়িমারী ইমিগ্রেশন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করোনাভাইরাস নিয়ন্ত্রণে ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশের এসআই আনোয়ার হোসেন বলেন, ভারতীয় ইমিগ্রেশন পুলিশ শুক্রবার সকালে মৌখিকভাবে এ কথা জানিয়েছেন। বিকেল ৫টার পর থেকে আর কোনো বাংলাদেশি ভারতে প্রবেশ করতে পারবে না। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, বাংলাদেশিরা ভারতে প্রবেশ করতে না পারলেও বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্তের ঘটনায় আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ভারতে সব ভিসা স্থগিত করা হয়েছে।

এটি কার্যকর হবে ১৩ মার্চ রাত ১২টা থেকে। তবে কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রকল্প ভিসা এই আদেশের বাইরে থাকবে বলে জানিয়েছে দেশটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত