করোনাভাইরাস: পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

আপডেট : ১৪ মার্চ ২০২০, ০৩:১১ পিএম

করোভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতের পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

দুই সপ্তাহের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় আনন্দবাজার পত্রিকা।

সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দপ্তর থেকে এক নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

সেখানে বলা হয়, ১৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ওমাদ্রাসা বন্ধ থাকবে। বন্ধ থাকবে স্কুল-কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা। তবে  উচ্চ মাধ্যমিক, আইসিএসই, সিবিএসই-র মতো যে সব পরীক্ষা চলছে, সেগুলো চলবে।

এ দিকে করোনাভাইরাসের সংক্রমণে ভারতের কর্ণাটক ও দিল্লিতে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ছাড়া আরও ৮১ জনের দেহে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

সম্প্রতি সংক্রমণ ঠেকাতে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ সীমিত করেছে দেশটি। কয়েক দিন আগে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সমস্ত বর্তমান ভিসা একমাত্র কূটনৈতিক, সরকারি, জাতিসংঘ, আন্তর্জাতিক সংগঠন, চাকরি এবং প্রোজেক্ট ভিসা ছাড়া বাকি সমস্ত ভিসা বাতিল থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত