যশোরের চৌগাছায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জহুরুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রবিবার ভোরে উপজেলার মাকাপুর গাবতলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জহুরুল উপজেলার আন্দুলিয়া গ্রামের প্রাইমারি স্কুল পাড়ার গোলাম হোসেনের ছেলে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে মাকাপুর গাবতলা মাঠে পুলিশ অবস্থান নেয়।
এ সময় মাদক ব্যবসায়ী দলের পক্ষ থেকে গুলি চালানো হয়। পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের গুলির মুখে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
এ সময় সেখানে মাদক ব্যবসায়ী জহুরুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপতাল মর্গে পাঠিয়েছে।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ১০০ বোতল ফেনসিডিল ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
জহুরুলের বিরুদ্ধে যশোর ও ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
