সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামের জেলা প্রশাসকের (ডিসি) অপসারণ, বিচার দাবি এবং সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা।
রবিবার বেলা ১২টায় দিনাজপুর প্রেস ক্লাব ও টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রেস ক্লাবের সম্মুখ সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন, ‘অনলাইন নিউজ পেপার বাংলাট্রিউনের কুড়িগ্রাম প্রতিনিধিকে কুড়িগ্রামের জেলা প্রশাসক রাতের আঁধারে বাড়ি থেকে তুলে নিয়ে যে নির্যাতন করেছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যে রায় দিয়েছেন তা সাংবাদিকদের জন্য দুঃখজনক। সাংবাদিকরা সমাজের দর্পণ, সমাজের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করাই সাংবাদিকদের কাজ। তাই বলে সাংবাদিকদের গলাটিপে ধরে সংবাদ আটকানো যাবে না। আমরা কুড়িগ্রাম জেলা প্রশাসকের অপসারণ দাবি করছি।
মানববন্ধনে দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল বলেন, ‘সাংবাদিকদের ওপর দিন দিন যে সন্ত্রাসী হামলা-মামলা চলছে তা দিয়ে আমাদের লেখনী আটকানো যাবে না। সাংবাদিকরা সমাজের যে দায়িত্ব পালন করেন তা থেকে ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। আমাদের কাজই হচ্ছে দেশ ও দেশের মানুষের কথা বলা। আমাদেরকে মামলা হামলায় ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না। আমরা নির্ভীকভাবে আমাদের দায়িত্ব পালন করে যাব।’
মানববন্ধনে দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকসী বলেন, ‘সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকরা কাজ করেন। সত্য লিখতে গিয়ে যদি আমাদের নির্যাতন, হামলা ও মামলার শিকার হতে হয় তাহলে এর দায় সরকার এড়িয়ে যেতে পারে না। বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার। সাংবাদিকদের যেকোনো বিপদে সরকার পদক্ষেপ গ্রহণ করবেন। সাংবাদিকদের মিথ্যে মামলা দিয়ে যে হয়রানি করা হচ্ছে সেটি যেন বন্ধ করা হয়।
কুড়িগ্রামের যে সাংবাদিককে নির্যাতন ও মিথ্যে মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহারের দাবিও জানান তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দিনাজপুর প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক কঙ্কন কর্মকার, রতন সিং, কামরুল হুদা হেলাল, আবুল কাশেম প্রমুখ।
