গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ীর বানিয়ারচালা গ্রামে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত জান্নাত (৩) শেরপুরের শ্রীবর্দী থানার বেলুয়ার চকবলী এলাকার মো. জহিরুল ইসলামের মেয়ে এবং লিলি (৪) ময়মনসিংহের তারাকান্দার থানার কামারিয়া গ্রামের মোর্শেদ আলীর মেয়ে।
জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, সদর উপজেলার মেম্বারবাড়ীর বানিয়ারচালার জনৈক আবুল কালামের বাড়ির ভাড়াটে জহিরুল এবং মোর্শেদ স্ত্রীসহ স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। গতকাল রবিবার সকালে ওই দুই শিশুর বাবা-মা কর্মস্থলে চলে যান। পরে দুপুরে বাসায় ফিরে সন্তানদের না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে তারা বাড়ির পাশের অরক্ষিত সেপটিক ট্যাংকের ভেতরে সন্তানদের লাশ দেখতে পান।
