যশোরের চৌগাছায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জহুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, শনিবার গভীর রাতে উপজেলার মাকাপুর গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার আন্দুলিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে জহুরুল মাদক কারবারি ছিলেন।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, মাদকের একটি বড় চালান পাচার হচ্ছেÑ এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মাকাপুর গাবতলা মাঠে পুলিশ অবস্থান নেয়। এ সময় মাদক কারবারিরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে জহুরুলের মরদেহ পড়ে থাকতে দেখে। লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর কথা জানিয়ে ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ১০০ বোতল ফেনসিডিল ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জহুরুলের বিরুদ্ধে যশোর ও ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
