করোনা আতঙ্কে মধ্যপ্রদেশে নাটকীয়তা, স্থগিত আস্থা ভোট

আপডেট : ১৬ মার্চ ২০২০, ০৩:৪৭ পিএম

ধারণা করা হচ্ছিল অনাস্থা ভোট এড়াতে করোনাভাইরাস ইস্যুকে কাজে লাগাতে পারেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। সোমবার সেটাই সত্যি হল।

আনন্দবাজার পত্রিকা জানায়, কংগ্রেসের ২২ বিধায়কের পদত্যাগের পর মধ্যপ্রদেশে আস্থা ভোটের দাবি তুলে বিজেপি। সোমবার আস্থা ভোট করার নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল লালজি টন্ডনও।

এমন পরিস্থিতিতে মধ্যপ্রদেশে কমল নাথের ত্রাতা হয়ে উঠল করোনাভাইরাস। এ দিন বাজেট অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই, করোনাভাইরাস ইস্যুটি তুলে ধরেন রাজ্যের মন্ত্রী গোবিন্দ সিংহ। পরিস্থিতি কতটা উদ্বেগজনক তা জানাতে কেন্দ্রীয় সরকারের নির্দেশনার কথাও বলেন গোবিন্দ। তার প্রস্তাবে সাই দেন স্পিকার এবং আগামী ২৬ মার্চ পর্যন্ত তা স্থগিত করে দেন।

ভারতজুড়ে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেই আতঙ্ক এখন মধ্যপ্রদেশেও এসে পড়েছে, সেটি বোঝাতে এদিন মাস্ক পরে অধিবেশনে উপস্থিত হন কংগ্রেসের অন্য বিধায়কেরা। তবে বিজেপি বিধায়কেরা মাস্ক ছাড়াই অধিবেশনে ছিলেন।

প্রসঙ্গত, ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় মোট বিধায়ক সংখ্যা ২২৮। সংখ্যাগরিষ্ঠতা পেতে ১১৫ জন বিধায়কের সমর্থন দরকার কোনো দলের।

চার স্বাতন্ত্র্য বিধায়ক, দুই বহুজন সমাজ পার্টির বিধায়ক এবং একজন সমাজবাদী পার্টির বিধায়কের সমর্থনে রাজ্যটিতে ১২১টি আসন ছিল কংগ্রেসের দখলে। ২২ জন বিদ্রোহী বিধায়ক পদত্যাগ করলে তাদের আসনসংখ্যা এসে দাঁড়িয়েছে ৯৯-তে।

এদিকে বিজেপির কাছে যেহেতু ১০৭ জন বিধায়ক রয়েছে, তাই আস্থা ভোট হলে তাদের জয়লাভে কোনো বাধা থাকবে না। যদিও কমল নাথ শিবির দাবি করে আসছে সরকার টেকাতে প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করতে অসুবিধা হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত