বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করার কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ২৫ দিনের ছুটি ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। ছুটি চলাকালীন সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ৫২৪ তম জরুরি সিন্ডিকেট সভার এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার থেকে ছুটি কার্যকর হয়ে চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। তবে ১০ ও ১১ এপ্রিল বন্ধের দিন থাকায় আগামী ১২ এপ্রিল বিশ্ববিদ্যালয় খোলা হবে। এ ছাড়া আগামী বুধবার দুপুর ২টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশও দিয়েছে কর্তৃপক্ষ।
বিষয়গুলো নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ বলেন, সিন্ডিকেটের ৫২৪ তম জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক সকল ক্লাস ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ এবং পরীক্ষাসমূহ সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে চবি মেডিকেল সেন্টার ও করোনাভাইরাস নিয়ে গবেষণাকারীরা এ ছুটির আওতামুক্ত থাকবে। এছাড়া আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সকল অফিসও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে নোভেল করোনাভাইরাস সতর্কতার অংশ হিসেবে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ ও ভ্রমণ শেষে শিক্ষক-কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ের যোগদানের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ক্ষেত্রে চারটি নির্দেশনা মেনে চলার অনুরোধ করে কর্তৃপক্ষ। ১. যোগদানের জন্য ইমেইল এর মাধ্যমে যোগদানপত্র সংশ্লিষ্ট বিভাগ/দপ্তর এবং অনুলিপি রেজিস্ট্রার দপ্তরে প্রেরণ করতে হবে। ২. যোগদানকারী শিক্ষক-অফিসারকে দেশে ফেরার তারিখ থেকে ১৪ (চৌদ্দ দিন) নিজ উদ্যোগে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকতে হবে, ৩. কোয়ারেন্টাইনে থাকার পর ডাক্তারি সনদপত্র দাখিলপূর্বক যোগদানকারী শিক্ষক কর্মকর্তা সংশ্লিষ্ট বিভাগ/দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে স্বাভাবিক কার্যক্রমে অংশ গ্রহণ করতে পারবেন। ৪. এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
