রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের ১৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষার্থীদের ছাড়াই কেক কাটলেন কলেজে অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকারসহ প্রশাসনের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ড. খালেদা নাসরীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্রলীগের কলেজ শাখার সদ্য বিদায়ী কমিটির নেতারা।
শিক্ষার্থীদের অভিযোগ, ১৭ হাজার শিক্ষার্থীর প্রাণের ক্যাম্পাস কবি নজরুল সরকারি কলেজ। ১৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক অধ্যক্ষ কীভাবে একা একা কাটেন? কলেজে কোনো অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের তোয়াক্কা না করে ছাত্রলীগকে নিয়ে অনুষ্ঠানের কার্যক্রম চালান অধ্যক্ষ। সাধারণ শিক্ষার্থীদের কলেজের কেউ ভাবা হয় না, তাই আমাদের ছাড়া অধ্যক্ষ সব কার্যক্রম বাস্তবায়ন করেন।
দর্শন বিভাগের শিক্ষার্থী নাঈম বলেন, করোনাভাইরাসের জন্য অনুষ্ঠান এখন না করে পিছিয়ে দেওয়া যেত এবং পরে সব শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানটি করা যেত।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সবুজ বলেন, সাধারণ শিক্ষার্থীদের না জানিয়ে এভাবে সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উচিত হয়নি। আমরা কি কলেজের শিক্ষার্থী নই?
এ ব্যাপারে জানতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকারের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
যোগাযোগ করা হলেও ছাত্রলীগ নেতারা মন্তব্য করতে রাজি হননি। তারা তাদের নাম প্রকাশেও অপারগতা জানান।
